ধনী ও প্রভাবশালীরা শান্তিকে হুমকিতে ফেলছে: পোপ লিও
ক্যামেরুনে গিয়ে দেশটির সরকারকে দুর্নীতি নির্মূল এবং ‘ধনী ও প্রভাবশালীদের খেয়ালখুশি’ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আফ্রিকার চার দেশে ১০ দিনের এক সফরের অংশ হিসেবে আলজেরিয়া থেকে ক্যামেরুন গিয়ে চতুর্দশ পোপ লিও বলেছেন, “ধনী ও প্রভাবশালীরা শান্তিকে হুমকিতে ফেলছে।”
বুধবার ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার উপস্থিতিতে দেওয়া এক ভাষণে পোপ দেশটির সরকারকে দুর্নীতি নির্মূল এবং ‘ধনী ও প্রভাবশালীদের খেয়ালখুশি’ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দুর্নীতির শৃঙ্খল ভাঙতে হবে। এই দুর্নীতি কর্তৃপক্ষকে কলঙ্কিত করে এবং তাদের গ্রহণযোগ্যতা কেড়ে নেয়।”
১৯৮২ সাল থেকে ক্যামেরুনের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বিয়া (৯৩), তার প্রধানমন্ত্রী জোসেফ ডিওন এনগুটেসহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে পোপ সরাসরি দুর্নীতির সমালোচনা করেন এবং মানুষের হৃদয়কে মুনাফার ‘পৌত্তলিক তৃষ্ণা’ থেকে মুক্ত করার আহ্বান জানান। পোপের এই বক্তব্য চলাকালীন প্রেসিডেন্ট বিয়াকে নির্বিকার বসে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২৫ সালে অষ্টম মেয়াদে বিয়ার নির্বাচনের আগে তার মেয়ে ব্রেন্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে তার বাবার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। অবশ্য পরে তা মুছে ফেলা হয়।
পোপ ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষী অঞ্চলের দীর্ঘদিন ধরে চলা সংঘাত নিরসনেরও আহ্বান জানান
পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলে বোকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর হামলার প্রসঙ্গ টেনে পোপ বলেন, যুদ্ধ তরুণ প্রজন্মের শিক্ষা ও ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে।
“আর যুদ্ধ নয়! মৃত্যু, ধ্বংস এবং নির্বাসনের যে অসহ্য যন্ত্রণা যুদ্ধ বয়ে আনে, তা এবার বন্ধ হোক,”বলেছেন তিনি।
শুক্রবার ক্যামেরুনের উপকূলীয় শহর ডুয়ালাতে পোপের এক গণপ্রার্থনায় বা 'মাস'-এ প্রায় ৬ লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা ভ্যাটিকানের।
সম্প্রতি ইতিহাসের প্রথম মার্কিন এই পোপকে তীব্র সমালোচনা বিদ্ধ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পোপ বিভিন্ন বিষয়ে সরব হওয়ায় বিশেষ করে ইরান যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্প পোপের দিকে সমালোচনার তোপ দেগেছন। মঙ্গলবারও ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপের বিরুদ্ধে মন্তব্য করেন।
তবে ক্যামেরুন যাওয়ার পথে বিমানে পোপ লিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব সত্ত্বেও যুদ্ধের বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রাখবেন তিনি । তিনি বিশ্বজুড়ে সব মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
পোপ লিও (৭০) তার এই ১০ দিনের সফরে প্রায় ১৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন। ক্যামেরুনের পর তিনি অ্যাঙ্গোলা এবং নিরিক্ষীয় গিনি সফর করবেন। সফরসূচিতে আফ্রিকার ১১টি শহর ভ্রমণ করার কথা রয়েছে তারা। আফ্রিকার এই চার দেশ ও শহরগুলোর ভ্রমণসূচীতে মোট ১৮টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
